জাতীয় ডেস্ক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও হিমোফিলিয়া রোগের কোনো চিকিৎসা নেই। বরিশালে আক্রান্ত রোগীদের ঢাকা গিয়ে চিকিৎসা নিতে হয়। যা চরম ভোগান্তি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সবার অধিকার অংশীদারিত্ব, নীতি, অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের বরিশাল বিভাগের সভাপতি রনজিতা কর্মকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. জি এম নাজিমুল হক, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামসহ রোগী ও চিকিৎসকরা।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে বরিশালে নিবন্ধিত ১৪০ রোগী থাকলেও বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। ওয়াল্ড ফেডারেশন অব হিমোফিলিয়া’র রিপোর্ট অনুসারে বর্তমানে দেশে ১০ হাজার ৬৪০ জন হিমোফিলিয়া রোগী আছে।
অবিলম্বে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া রোগের চিকিৎসাসেবা চালুর দাবি জানানো হয়।
