খেলাধূলা ডেস্ক :
এজবাস্টন টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। জেমস অ্যান্ডারসন, ম্যাথিউ পটসের আক্রমণে শত রান করার আগেই তারা হারিয়েছে পাঁচ উইকেট।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত বছর স্থগিত হওয়া পঞ্চম তথা শেষ টেস্টে শুক্রবার (০১ জুলাই) মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। মজার ব্যাপার হচ্ছে, গেল এক বছরে অধিনায়ক বদলে গেছে দুই দলেরই। সে সময় ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্বে ছিলেন জো রুট আর ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। দুই অধিনায়ক বদলে নতুন অধিনায়ক পেয়েছে দুই দলই। ইংলিশদের নেতৃত্বে বেন স্টোকস আর ভারতের নেতৃত্বে রোহিত শর্মা থাকলেও তিনি করোনা পজিটিভ হওয়ায় এ টেস্টে দায়িত্ব পালন করছেন জসপ্রিত বুমরাহ।
তবে বুমরাহ অধীনে ব্যাট হাতে যেন এক দুর্বল ভারতকেই দেখা যাচ্ছে এজবাস্টনে। ওপেনিং জুটিতে শুভমন গিল ও চেতশ্বর পূজারা সফরকারীদের এনে দিয়েছিল ২৭ রান। এরপরই নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। দুই প্রান্ত থেকে আক্রমণে কোহলিদের দিশেহারা অবস্থায় ফেলেন অ্যান্ডারসন ও পটস। শুরুটা করেন অবশ্য ৪০ এর দ্বারপ্রান্তে থাকা অ্যান্ডারসন।
ইনিংসের ৬.২ ওভারে অ্যান্ডারসনের বলে স্লিপে জ্যাক ক্রাউলির হাতে ধরা পড়েন শুভমন গিল। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৭ রান করেন তিনি। ১৪তম ওভারে রিভিউ নিয়ে জীবন পাওয়া পূজারা তিন ওভার পরেই গিলের মতো ক্রাউলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ১৩ রান করেন পূজারা। বিহারী ৮ রানে ব্যাট করছেন।
অ্যান্ডারসনের পরে জোড়া আঘাত হানেন পটস। হনুমা বিহারীকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান সাজঘরে । ১টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ২০ রান করেন বিহারী। পরের ওভারে আক্রমণে এসে বোল্ড করে ফেরান বিরাট কোহলিকে। অবশ্য আউটের পেছনে ভুলটা ছিল সাবেক ভারতীয় অধিনায়কেরই। খেলবেন না ছাড়বেন এ দ্বিধায় বল কোহলির ব্যাটের কানায় লেগে স্টাম্পে হিট করে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১১ রান করেন তিনি।
দলীয় ৯৮ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। শ্রেয়াস আয়ারকে ফিরিয়ে ইনিংসে তৃতীয় উইকেট তুলে নেন অ্যান্ডারসন। এ নিয়ে ৩১৯ ইনিংসে তার শিকার ৬৫৪ উইকেট। উইকেটকিপার স্যাম বিলিংসের হাতে ধরা পড়েন শ্রেয়াস। বাঁ-দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন বিলিংস। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৫ রান করেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১২১ রান । ষষ্ঠ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিশাভ পন্ত ও রবীন্দ্র জাদেজা। পন্ত ২৮ বল মোকাবিলায় ২২ রান করেছেন। অন্যদিকে ২৫ বল মোকাবিলায় জাদেজার ব্যাট থেকে এসেছে ১৪ রান।
