বাণিজ্য ডেস্ক :
ঈদে পোশাক শ্রমিকদের বেতনভাতা পরিশোধে ২৯-৩০ এপ্রিল শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে ব্যাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রয়ের ও উক্ত শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক ৩০ মার্চ ২০২২ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-১০ এ বর্ণিত সময়সূচি অনুযায়ী ২৯ ও ৩০ এপ্রিল ২০২২ তারিখ খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৯-৩০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লেখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক প্রদান করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
