হোম আন্তর্জাতিক শিক্ষার্থী ও নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

খুব দরকার মনে না হলে ইউক্রেনে থাকা শিক্ষার্থী-সহ অন্য ভারতীয় নাগরিকদের দেশে ফেরার বার্তা দিল দিল্লি।

রোববার (২০ ফেব্রুয়ারি) একটি টুইট বার্তায় ইউক্রেনের ভারতীয় দূতাবাস বলেছে, রাশিয়ার সম্ভাব্য আক্রমণ নিয়ে উত্তেজনার মধ্যে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছেড়ে যেতে বলা হয়েছে। এজন্য যে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইটের সন্ধান করা উচিত।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনার জেরে ধরেই নেওয়া হচ্ছে, যুদ্ধের দামামা বাজিয়ে এগিয়ে চলেছে রুশ বাহিনী। তেমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইউক্রেনে বসবাসকারী নাগরিকদের জন্য বিশেষ বার্তা দিল ভারত।

ইউক্রেনের ভারতীয় দূতাবাস টুইটারে লিখেছে, ইউক্রেনে ক্রমাগত উত্তেজনা বাড়ছে। এ ধরনের অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীসহ সকল ভারতীয় নাগরিককে সাময়িকভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এজন্য ইউক্রেনে বসবাসকারী ভারতীয়রা যোগাযোগ করতে পারেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। কয়েকদিন আগে দেশে ফেরার জন্য বিমানের টিকিট না পাওয়ার অভিযোগ করছিলেন অনেকেই। তাদের সহযোগিতার জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বরও।

এছাড়া ভারতীয় শিক্ষার্থীরে দূতাবাসের ফেসবুক, টুইটার ও ওয়েবসাইটে আপডেট দেখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার তিনটি বিশেষ বিমান ইউক্রেনের সবচেয়ে বড় বিমানবন্দর বরিসপিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন