হোম ফিচার শিক্ষাজীবনের হতাশা থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষা ডেস্ক :

শিক্ষাজীবনের হতাশা থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ঝিনাইদহে নিজ বাড়িতে আত্মহত্যা করেন চঞ্চল চক্রবর্তী নামে ওই শিক্ষার্থী।

নিহত চঞ্চল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। যদিও ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীদের সঙ্গে অধ্যয়নরত ছিলেন তিনি।

ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘সোমবার (১৫ নভেম্বর) চঞ্চল চক্রবর্তী তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।’

এদিকে ব্যক্তিগত হতাশার কারণেই চঞ্চল আত্মহত্যা করেছে বলে জানান তার বাবা শিবপ্রদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, ‘রোববার রাত ১২টায় খেলা দেখে চঞ্চল ক্লাস নাইনে পড়ুয়া তার ছোট ভাই চয়নকে নিয়ে ঘুমাতে যায়। সকাল ৭টায় চয়ন উঠে দেখে চঞ্চলের গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলে আছে সে।’

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আজহারুল আরাফাত বলেন, ‘যতটুকু জেনেছি তার বন্ধুরা পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় চাকরি করছেন। কিন্তু তার পড়াশোনা এখনও চলমান রয়েছে। তাই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন চঞ্চল।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। চঞ্চলের এমন সিদ্ধান্তে আমরা শোকাহত।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের এমন ভুল সিদ্ধান্ত গ্রহণ না করে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

চঞ্চলের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মাধবপুর গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩০২৯নং কক্ষে থাকতেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন