হোম জাতীয় শরীয়তপুরে টিকাকেন্দ্রে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি

জাতীয় ডেস্ক :

করোনা মোকাবিলায় টিকা গ্রহণে দিন দিন সাধারণ মানুষের আগ্রহ বাড়ায় শরীয়তপুরের প্রতিটি টিকাকেন্দ্রে ভিড় বেড়েই চলছে। সরকারিভাবে টিকা গ্রহণে ভিড় করছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন এক থেকে দেড় হাজার করে রেজিস্ট্রেশনপ্রাপ্ত মানুষ।

টিকা কার্যক্রমে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে টিকা পুশকারী ও টিকা গ্রহণকারীদের মাঝে ঝুঁকি বাড়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। লোকবল সংকট এবং ভিড় বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যবিধি ঠিক রাখতে প্রশাসনের নজরদারি কামনা সচেতন মানুষের।

শরীয়তপুর সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে প্রতিদিন ৯ হাজার থেকে ১০ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে। সরকারি ছুটির দিন ও সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন দেওয়া হচ্ছে এই টিকা।

টিকা দানের ধারাবাহিকতায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের জন্য সোমবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকেই লাইনে দাঁড়িয়েছে শত শত নারী পুরুষ। টিকা দানের কার্যক্রম বিরতিহীনভাবে চলতে থাকে বিকেল পর্যন্ত। লাইনে দাঁড়িয়ে আছেন একজনের শরীর ঘেঁষে আরেকজন। যেন লাইনে দাঁড়ানো মানুষের মাঝ দিয়ে বাতাসও ঢুকতে পারছে না।

টিকা কার্যক্রমে কেন্দ্রের বাইরে যেমন ভিড় তেমনি রয়েছে ভেতরেও ভিড়। টিকা নিতে আসা মানুষের অনেকেই লাইনে রয়েছে মাস্ক না পড়ে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। টিকার শুরুতে মানুষের ভিড় কম থাকলেও ছিল প্রশাসনের নজরদারি । অথচ দিন দিন ভিড় বাড়লেও নেই বর্তমানে কোনো ধরনের নজরদারি।

টিকাদানে যেই দুই-তিনজন স্বাস্থ্যকর্মী প্রতিদিন কেন্দ্রে কাজ করছেন তারা ভিড় সামলাতে হাঁপিয়ে উঠেছেন। স্বাস্থ্যবিধি না মেনেই তারাও গা-ছাড়াভাবে একইসঙ্গে অনেকগুলো সিরিঞ্জে টিকা ভরে খোলা জায়গায় রেখে দ্রুত পুশ করছেন। টিকা গ্রহণকারীদের যেন বসারও সুযোগ নেই। তারপরেও টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ।

এমন পরিস্থিতিতেও কোনো ঝুঁকি নেই দাবি টিকা পুশকারীদের।

তবে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না স্বীকার করে লোকবল সংকট এবং টিকা নিতে আসা মানুষের ভিড় বেড়ে যাওয়াকে দায়ী করলেন। এভাবে টিকা দান কার্যক্রম ঝুঁকিপূর্ণ জানান তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন