হোম ফিচার শপথ নিয়েছেন ইমন

বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শপথ নিয়েছেন চিত্রনায়ক ইমন। রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে শপথ পড়ান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শপথ নিতে এতো দেরি কেন? জানতে চাইলে ইমন বলেন, ‘আসলে দেরিতে শপথ নেওয়ার অন্য কোনো কারণ নেই। শুটিং থাকার কারণে দেরি হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল সবার সঙ্গে শপথ নেব। কিন্তু ভোটের পরই আমি সিনেমার শুটিংয়ে চলে গিয়েছিলাম।’

যারা শপথ নেননি তাদের উদ্দেশ্যে কী বলবেন? এমন প্রশ্নের উত্তরে ইমন বলেন, ‘কাঞ্চন ভাইয়ের মত মানুষ আমাদের সভাপতি। সুতরাং যত দেরি করবেন তত লস হবে। তাই যারা নির্বাচিত হয়েছেন তাদের দ্রুত শপথ নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে শিল্পী সমিতির কমিটিতে ছিলেন ইমন। মিশা-জায়েদ পরিষদ থেকে পরপর দুইবার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। এবার প্যানেল পরিবর্তন করেছিলেন এ অভিনেতা। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেছেন কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে।

শিল্পীদের জন্য কী কাজ করবেন এ পদে থেকে? উত্তরে ইমন বলেন, ‘আন্তর্জাতিক সম্পাদক পদে সত্যি কথা তেমন কোনো কাজ করতে পারিনি। এবার এ পদে থেকে অনেক কাজ করার ইচ্ছা আছে। কাঞ্চন ভাইয়ের নেতৃত্বে সমিতিকে নিয়ে অনেকগুলো পরিকল্পনা আছে। এবার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি শপথ নিয়েছিলেন অঞ্জনা সুলতানা। তাকেও শপথ পাঠ করিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। এরপর সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমি শপথ নিয়েছি। আশা করছি নির্বাচিত অন্যরাও শপথ গ্রহণ করবেন।’

অঞ্জনা এবারের শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন। তিনি মিশা-জায়েদ প্যানেল থেকে দ্বিতীয় ব্যক্তি যিনি শপথ নিলেন। এর আগে এ প্যানেলে নাদের খান শপথ নিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন