জাতীয় ডেস্ক :
দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই আশানুরূপ। প্রতিদিনই এ ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর হার কমছে। সেই সঙ্গে সংক্রমণ রোধে দেশে চলছে টিকা কার্যক্রম। তবে শতভাগ টিকা না পাওয়া পর্যন্ত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সংক্রমণের হার হ্রাস আশাব্যঞ্জক হলেও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
রোববার (২৪ অক্টোবর) করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যবিধি (মাস্ক পরিধান, সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা) মেনে চলার পরামর্শ দেন তিনি।
ডা. মো. নাজমুল ইসলাম জানান, বর্তমানে করোনা হাসপাতালগুলোতে রোগীর চাপ কমে এসেছে। সংক্রমণ কমে আসায় টেলিমেডিসিনের মাধ্যমে সেবাগ্রহীতাদের সংখ্যাও কমে এসেছে।
বর্তমান পরিস্থিতিতে দেশকে করোনামুক্ত বলা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশকে করোনামুক্ত বলা যাবে না। এখনও প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে।
টিকার জন্য কতজন স্কুল শিক্ষার্থী নিবন্ধন করেছেন এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক জানান, এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ আইসিটি মন্ত্রণালয়কে তথ্য দিচ্ছে। স্বাস্থ্য বিভাগে পুর্ণাঙ্গ তথ্য আসলে তা গণমাধ্যমকে জানানো হবে।
চলতি মাসের শেষ সপ্তাহে বা আগামী মাসের প্রথম সপ্তাহে নিবন্ধনকারী স্কুল শিক্ষার্থীদের মোট সংখ্যা জানানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে। রোববার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭৫ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৮৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৪৯ শতাংশ। সুস্থ হয়েছেন আরও ৩৮৬ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।
এর আগে শনিবার (২৩ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যান ৯ জন। করোনা শনাক্ত হয় ২৭৮ জনের দেহে।
