জাতীয় ডেস্ক :
সারাদেশে নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করেছে রাঙামাটি বিএনপি। রোববার (৩১ জুলাই) সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির মৎস্যবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল।
সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক এমপি মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শাকিল।
সমাবেশে বক্তারা সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে বলেন, সরকার কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। যার প্রভাব বর্তমানে পড়তে শুরু করেছে। জ্বালানি সংকটের নামে দুর্নীতি ঢাকার চেষ্টা করছে। সরকারের ভুল নীতির কারণে আজ সারা দেশে লোডশেডিংয়ের মাধ্যমে জনগণকে কষ্ট দেয়া হচ্ছে।
বক্তারা আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের মাধ্যমে আয়োজনের দাবি করে বিএনপিবিহীন কোনো নির্বাচন করতে না দেয়ার হুঁশিয়ারি দেন।
