হোম খেলাধুলা রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন ট্রিপল এইচ

খেলাধূলা ডেস্ক :

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় রেসলার ট্রিপল এইচ। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া ওয়েবসাইটের সাংবাদিক স্টিফেন অ্যান্থনি স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।

ডব্লিউডব্লিউই-এর কিংবদন্তি রেসলার ট্রিপল এইচের আসল নাম পল লেভেসকিউ। কয়েক দশক ধরে রিংয়ের জনপ্রিয় এই রেসলারকে আর দেখা যাবে না হাতুড়ি হাতে। মূলত গত বছর তার ভাইরাল নিউমোনিয়া হয়েছিল। এরপর হাসপাতালে চিকিৎসা নিয়ে দেখা যায় তার হৃদ্‌রোগ হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে তিনি পরিবারের কাছে ফিরেছেন ঠিকই, তবে তাকে আর দেখা যাবে না চিরচেনা সেই রিংয়ে।

স্টিফেন অ্যান্থনি স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার (২৫ মার্চ) ট্রিপল এইচ বলেন, ‘আমি আর কখনোই রেসল করব না। রেসলিং রিংয়ে, যে রিংয়ে আমি এখন পর্যন্ত অনেকবার লড়েছি, সেখানে লড়ার সময় শেষ হয়ে গিয়েছে আমার। প্রথমত, আমার বুকে একটা ডিফিব্রিলেটর বসানো আছে। যে কারণে সরাসরি টেলিভিশনে এসে রেসলিং রিংয়ে লড়তে যাওয়া মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে।’

গত বছর নিজের অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছিল, সে বর্ণনা দিয়ে এই রেসলার বলেন, ‘আমার ভাইরাল নিউমোনিয়া হয়েছিল। ফুসফুসে প্রদাহ হয়েছিল। পরের দুদিন আমার অবস্থা শুধু খারাপের দিকেই যাচ্ছিল। একদিন আমার স্ত্রী (স্টেফানি ম্যাকম্যাহন) আমার কফে রক্ত খুঁজে পায়। এরপর আমি চেকআপ করিয়ে দেখি ব্যাপারটা ওই ভাইরাল নিউমোনিয়া থেকেই হচ্ছে, আমার ফুসফুসে পানি জমে গিয়েছে। আমার হৃদ্‌যন্ত্রের আশপাশেও পানি জমে গিয়েছিল। হৃদ্‌যন্ত্রের বিভিন্ন পরীক্ষার পর দেখলাম আমার হৃদ্‌যন্ত্র ‘ইজেকশন ফ্র্যাকশন’ প্রক্রিয়ার মাত্র ৩০ শতাংশ পাম্প করতে পারছে, যেটা স্বাভাবিক অবস্থায় ৫৫-৬৫ শতাংশ করতে পারা উচিত। আমি তখনই একটা টেক্সট মেসেজ পেলাম, আমাকে বলা হলো যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে এসো।’

এরপর ট্রিফল এইচ যোগ করেন, ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে যখন আমাকে নেওয়া হলো, ততক্ষণে ওই মাত্রা নেমে দাঁড়িয়েছে ১২ শতাংশে, যেটাকে হৃদ্‌রোগ বলা যেতে পারে। অর্থাৎ, তখন আমার অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল। নিজের পরিবার ও ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ঠেলে দিয়ে আপনি এমন পরিস্থিতিতে কখনোই যেতে চাইবেন না।’

ট্রিফল এইচকে শেষবার টেলিভিশনে দেখা গিয়েছিল ২০১৯ সালের ৭ জুন সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী র‌্যান্ডি অর্টনের সঙ্গে রিংয়ে লড়াই করতে। তিনি শেষবার রিংয়ে নেমেছেন একই বছরের ২৯ জুন টোকিওতে। তবে রেসলিংয়ের দৃশ্য টেলিভিশনে দেখানো হয়নি।

রিংয়ে ট্রিপল এইচকে আর দেখা না গেলেও তিনি ডব্লিউডব্লিউই-এর প্রধান পরিচালনা কর্মকর্তা ও বৈশ্বিক প্রতিভা অন্বেষণবিষয়ক নির্বাহী সহসভাপতির দায়িত্বে কাজ করে যাবেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন