বিনোদন ডেস্ক :
বাংলাদেশি সঙ্গীতজ্ঞ, গায়ক-গীতিকার এবং গীটারবাদক ছিলেন রক আইকন আইয়ুব বাচ্চু। তিনি রক ব্যান্ড এলআরবির গায়ক ও গিটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তাকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং গিটারবাদক বলা হয়।
আগামীকাল মঙ্গলবার (১৬ আগস্ট) জনপ্রিয় এ তারকা শিল্পীর জন্মবার্ষিকী। রক আইকন আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো তার গান, যাপিত জীবন, স্মৃতি সংরক্ষণ, দাম্পত্যজীবনের কথা বলেছেন স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
একটি ডিজিটাল প্ল্যাটফর্মে ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ নামক এক অনুষ্ঠানে শিল্পীর স্মৃতিচারণা ও তার নামে ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়ে কথা বলেন আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা ও এলআরবি গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। ফেরদৌস আক্তার চন্দনা জানান তিনি আজীবন মিডিয়ার বাইরে থেকেছেন। এসব তিনি বোঝেনও না আর বুঝতেও চাননি। তার ২ সন্তানের পক্ষ থেকে বাচ্চুর গান ও স্মৃতি সংরক্ষণের কাজ করছি বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানটির উপস্থাপক তানভীর তারেক জানান, বাচ্চু ভাইকে নিয়ে তার অধিকাংশ শোতে কথা বলেছেন। তবে ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ নামক এ অনুষ্ঠানে তার স্ত্রী কথা বলেছেন। এলআরবির গান ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করেছেন। আশা করছেন, দর্শকরা তা উপভোগ করবেন।
‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ সিরিজটির প্রথম পর্ব প্রকাশিত হবে মঙ্গলবার রাত ১০টায়। অনুষ্ঠানটি একটি মিউজিক অ্যাপেও দেখা যাবে বলে জানা গেছে।
