হোম জাতীয় রাস্তায় পড়ে থাকা ক্ষতবিক্ষত লাশটি পুলিশের

জাতীয় ডেস্ক :

রংপুরের কাউনিয়া উপজেলার রাজেন্দ্রবাজার এলাকায় সড়কের ওপর পড়ে থাকা লাশ উদ্ধারের পর পুলিশ জানতে পারল এটি তাদেরই এক সদস্যের লাশ। নাম তাজুল ইসলাম। তিনি কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন পাশের পীরগাছা থানায়।

একদিনের ছুটি শেষে কুড়িগ্রামের গোপালেরখামার গ্রাম থেকে রোববার (৯ জানুয়ারি) ভোরে কর্মস্থলের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে আর ফেরা হয়নি তার। ধারণা করা হচ্ছে, এদিন ভোরের দিকে কোনো ভারী যানের নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

নিহতের রেজাউল ইসলাম জানান, অনেক ভোরে স্ত্রী ও দুই সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে কর্মস্থল পীরগাছা থানার দিকে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন।

কাউনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ শাহীন সরকার জানান, সকাল ৮টার দিকে রাস্তার ওপর একটি ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকার খবর পেয়ে লাশটি উদ্ধার করে কাউনিয়া থানায় পৌঁছে দেওয়া হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, লাশের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাজুলের পুলিশ কনস্টেবল পরিচয় জানা যায়। পরে তার পরিবার ও কর্মস্থলে যোগাযোগ করে তার মারা যাওয়ার খবর জানিয়ে দেওয়া হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও কীভাবে তার মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি বলে জানান। ঘটনাস্থল থেকে তাজুলের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন