হোম জাতীয় রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

রাজধানী তিলপাপাড়ার একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। নীলুফা আক্তার হাসি (৩৬) নামে ওই নারীর স্বামী উপ-পরিদর্শক বজলুর রশিদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) মেকানিক্যাল শাখায় কর্মরত।

শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে তিলপাপাড়া ১১ নাম্বার রোড, ১৮৫/৩/এ নম্বর বাড়ির নিচতলার বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পাবনার সুজানগর উপজেলার মো. হাতেম আলীর মেয়ে নীলুফা। বর্তমানে ১ ছেলে ও ২ মেয়েসহ স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের ওই বাসায় থাকতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের সদস্যরা দাবি করেছেন ওই নারী দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। সংবাদ পাওয়া যায় সকালে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

এদিকে, হাসপাতালের মর্গে মৃত নীলুফার মামা আ. মান্নান জানান, শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন নীলুফা। তবে তার স্বামী ও ছেলের সঙ্গে সম্পর্ক তেমন ভালো ছিল না। আজ স্বজনদের মাধ্যমে তিনি খবর পান নীলুফা গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এরপর দুপুর দেড়টার দিকে ওই বাসায় গিয়ে ফ্লোরে মৃত অবস্থায় দেখতে পান নীলুফাকে। তখন থানা পুলিশ ছিল সেখানে।

তিনি বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারছি না। তবে আত্মহত্যা করতে পারে বলে আমাদেরও ধারণা হচ্ছে। আমরা এটি নিয়ে কোনো অভিযোগ করতে চাচ্ছি না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন