জাতীয় ডেস্ক :
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় এক নারীর কানের দুল ছিনতাইয়ের সময় গণধোলাইয়ে আহত হয়েছেন সোহেল (১৮) নামে এক ছিনতাইকারী।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনায় ভুক্তভোগী রিকশা আরোহী ফেরদৌস আরা (৩০) নামে ওই নারীর কানের লতি ছিঁড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, রিকশায় ওই নারী পল্টন থেকে মোহাম্মদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রেস ক্লাবের সামনের রাস্তায় ছিনতাইকারী সোহেল তার কানের লতি ছিঁড়ে দুল নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। তখন একই রিকশায় তার সঙ্গে থাকা অপর দুজন ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় আশেপাশের লোকজন তাকে গণধোলাই দেন।
এসআই বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী ও ছিনতাইকারী উভয়কেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
