জাতীয় ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ী হাসেম রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রহিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রহিম একটি দোকান কর্মচারী হিসেবে কাজ করতো।
রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় হাশেম রোড বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার বাড়ি নড়াইল সদর উপজেলার চালতাতলা গ্রামে। তার বাবার নাম নিজাম কাজি। বর্তমানে দুলাভাই ফয়সালের সঙ্গে যাত্রাবাড়ি কাজলা এলাকায় থাকতেন। হাসেম রোডে মোল্লা গ্লাস হাউজ নামের দুলাভাইয়ের দোকানে কাজ করতেন তিনি।
ফয়সাল জানান, ইফতারের কিছু আগে দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মিনি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
