মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার কুলিয়া ইউনিয়নের চরকুলিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, সরকার নির্ধারিত প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকার স্থলে খোলাবাজারে ১৩৫ থেকে ১৫০ টাকায় বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী।
এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে চরকুলিয়া বাজারের আলিম স্টোর নামে একটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা ও মৌখিকভাবে সতর্ক সতর্ক করা হয়।
অভিযান চলাকালে ইউএনও মোল্লাহাট উপজেলার সব পাম্পমালিককে বরাদ্দকৃত তেল সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেন। পাশাপাশি খুচরা ব্যবসায়ীদের নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রির জন্য সতর্ক করা হয়।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।
