বিনোদন ডেস্ক :
দৈনন্দিন জীবনে মোবাইল ফোন ছাড়া কেউ এক মুহূর্ত ভাবতেই পারেন না। কাজের প্রয়োজনে এর ব্যবহার রয়েছে ঠিকই, তবে তার বাইরেও মোবাইল ফোনের প্রতি অনেকটা আসক্ত হয়ে পড়েছে বর্তমান প্রজন্ম। বাস্তব জীবনকে উপভোগের চেয়ে ভার্চুয়াল জগতের দিকে বেশি ঝুঁকে পড়ছে এই প্রজন্ম, যা একেবারেই অনুচিত!
বিশ্বের প্রথম ওয়্যারলেস ফোন আবিষ্কার করে বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন মার্কিন প্রকৌশলী মার্টিন কুপার। এদিকে মোবাইল আবিষ্কারের মধ্য দিয়ে যে যাত্রা তিনি শুরু করেছিলেন, সেই যাত্রা এখন গোটা বিশ্বকে বদলে দিয়েছে। এমন অবস্থায় মোবাইলের ব্যবহার কমিয়ে জীবন ফিরে পাওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এ আবিষ্কারক।
কুপার বলেছেন, জীবনের আসল স্বাদ উপভোগ করতে হলে ডিজিটাল ডিভাইসের মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে। বিবিসি ব্রেকফাস্ট-এর সঙ্গে আলোচনায় কুপার বলেন, “নিজের সময়ের ‘পাঁচ শতাংশের’ও কম সময় ব্যয় করা দরকার মোবাইলের সঙ্গে।”
পরবর্তী সময়ে গণমাধ্যমকর্মী জেইন ম্যাককাবিন বলেন, ‘আপনি কি আমার মতো লোকদের কিছু বলবেন যারা দিনে পাঁচ ঘণ্টার বেশি মোবাইল ব্যবহার করেন?’ উত্তরে হেসে দিয়ে মার্টিন কুপার বলেন, ‘আপনি সত্যিই পাঁচ ঘণ্টার বেশি মোবাইল ব্যবহার করেন? মোবাইল রেখে জীবনকে উপভোগ করুন।’
এদিকে ১৯৭৩ সালে প্রথম ওয়্যারলেস সেলুলার ডিভাইস মটোরোলা ডায়নাট্যাক এইট থাউজেন্ড এক্স (Motorola DynaTAC 8000X) তৈরি করেছিলেন কুপার। প্রথম মোবাইল ফোন বানানোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘এটি ছিল ১.১৩ কেজি ওজনের ১০ ইঞ্চি লম্বা একটি ফোন। ১০ ঘণ্টা চার্জ দিলে এই ফোন দিয়ে ২৫ মিনিট কথা বলা যেত।’
সূত্র: নিউইয়র্ক পোস্ট
