হোম জাতীয় মেট্রোরেল : বাংলাদেশকে অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস

জাতীয় ডেস্ক :

রাজধানী ঢাকায় মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে গণপরিবহনখাতে যে বিপ্লবের সূচনা হয়েছে সে জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন!’

পাশপাশি একই পোস্টে মেট্রোরেলে নিয়োগকৃত ছয় নারী চালককেও কুর্নিশ জানিয়েছে দূতাবাস। ওই পোস্টে বলা হয়, ‘আমরা মারিয়াম আফিজাসহ মেট্রো ট্রেনের ছয় নারী চালককে অভিবাদন জানাই।’

প্রসঙ্গত, বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশের প্রথম বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের গণপরিবহন খাতে এক বিপ্লবের সূচনা হয়েছে।

মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয় ২০১২ সালের ১৮ ডিসেম্বর। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেন। এছাড়া ঢাকার প্রথম মেট্রোরেল লাইন (উত্তরা-মতিঝিল) নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন।

প্রাথমিক পর্যায়ে জনসাধারণের জন্য স্বপ্নের এ বাহনের দ্বার খুলল শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আপাতত সীমিত যাত্রী নিয়ে চলবে। যাত্রীরা ১০ মিনিটেই এ পৌনে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন