আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সুপারস্টোর ওয়ালমার্টের একটি দোকানে বিমান বিধ্বস্ত করার হুমকি দিয়েছেন এক পাইলট।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হুমকির কথা জানার পর মিসিসিপি অঙ্গরাজ্যের টুপেলো এলাকার পুলিশ বিভাগ দোকানটি থেকে লোকজনকে সরিয়ে নেয় এবং সবাইকে স্থাপনাটি থেকে চলে যেতে বলা হয়েছে। সব জরুরি পরিষেবাকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
এক বিবৃতি জারি করে পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি স্পষ্ট না হওয়ার আগে এবং বিষয়টি মিটমাট না হওয়া পর্যন্ত ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে নাগরিকদের। হামলার মতো কোনো ঘটনা ঘটলে তার ব্যাপ্তি টুপেলো অঞ্চলের বাইরেও হতে পারে।
স্থানীয় বিভিন্ন সমংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিমানটি এক ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে ঘুরপাক খাচ্ছিল। এরপরই পাইলট হুমকি দেন, তিনি ওয়ালমার্টে বিমানটি বিধ্বস্ত করবেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইতোমধ্যেই পাইলটের সঙ্গে সরাসরি কথা বলতে সক্ষম হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এক যুবক ওই বিমানটি চুরি করেছেন এবং সেটি বিধ্বস্ত করার হুমকি দিচ্ছেন।
জানা গেছে, টুপেলো বিমানবন্দর থেকে ‘বিচক্রাফ্ট কিং এয়ার ৯০’ নামে ৯ সিটারের ছোট ওই বিমানটি চুরি করেছেন পাইলট। এতে দুটি ইঞ্জিন রয়েছে।
স্থানীয় গভর্নর টেট রিভস বলেছেন, অঙ্গরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা ও জরুরি পরিষেবার কর্মকর্তারা ‘বিপজ্জনক’ এই পরিস্থিতির দিকে নজর রাখছেন।
