জাতীয় ডেস্ক :
মাত্র এক মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দ্বীপচর ইউনিয়ন নয়ারহাটের দক্ষিণ খাওরিয়া গ্রামে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
রোববার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে ব্রহ্মপুত্র নদের অভ্যন্তরের এই চরে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম জানান, মাত্র এক মিনিটের ঘূর্ণিঝড়ে চরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০ বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, ঝড়ে তার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একই এলাকার অধিবাসী রবিঠাকুর, শাহ পরান, পারভেজ আলী, ইনসাফ আলী, শফিকুল ইসলাম ও দুলাল মিয়াসহ ৫০টি পরিবারের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের আধাপাকা একাডেমিক ভবন।
দক্ষিণ খাওরিয়া গ্রামের অধিবাসী দেলোয়ার হোসেন মাস্টার জানান, ফজরের নামাজের পর হঠাৎ করে উত্তর দিক থেকে গন্ধযুক্ত গরম বাতাস বয়ে আসতে শুরু করে। এরপর বয়ে আসা বাতাস ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মিনিটখানেকের মধ্যে বাড়িঘর, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডভন্ড করে দেয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ প্রসঙ্গে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
