হোম জাতীয় মানিকগঞ্জে বিএনপির আড়াই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২ হাজার ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে সদর থানার উপপরিদর্শক মো. আবদুল লিটন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিরা বিএনপির অজ্ঞাতনামা নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন: সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদল নেতা সেলিম মোহাম্মদ এবং ছাত্রদল নেতা রুবেল মাহমুদ। পরে এ মামলায় তাদের আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান। তিনি বলেন, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে বাধা দেন। বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের মারধর করা হয়। বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের মারধর করেন। অথচ উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হয়েছে।

পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলা শহরের খালপাড় এলাকায় শহীদ তজু সড়কে যান চলাচল বন্ধ রেখে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের পক্ষ থেকে রাস্তা বন্ধ না করতে অনুরোধ করা হলেও বিএনপির নেতাকর্মীরা রাস্তার ওপরই অবস্থান নেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে সড়কের ওপর থেকে সরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে বাঁশি বাজিয়ে তাদের ওপর ‘মৃদু লাঠিপেটা’ করা হয়। এরপর বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার, কনস্টেবল শাহীনসহ সাত পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ ব্যাপক ক্ষতি করেন বিএনপির নেতাকর্মীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার বলেন, গ্রেফতার তিন আসামিকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন