হোম খেলাধুলা মাত্র ২৭ মিনিটে হিগুয়েনের হ্যাটট্রিক

খেলাধূলা ডেস্ক :

ইউরোপের ক্লাব ফুটবলের পাট সাঙ্গ করে গঞ্জালো হিগুয়েন পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। নিজের সেরা সময় পার করে আসা এই স্ট্রাইকার যে এখনো ফুরিয়ে যাননি সেটা দেখিয়ে দিলেন আরও একবার। শনিবার (৩০ জুলাই) রাতে ইন্টার মিয়ামির হয়ে মাত্র ২৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন এ ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। এমএলএসের ম্যাচে সিনসিনাটির বিপক্ষে এই হ্যাটট্রিক করেন তিনি।

ফ্লোরিডার লকহার্ট স্টেডিয়ামে ‘ইন্টার মিয়ামি বনাম সিনসিনাটি’ ম্যাচটি ভেসে গেছে গোলবন্যায়, যেখানে শেষ পর্যন্ত জয় পায়নি কেউই। আট গোলের থ্রিলার শেষ হয়েছে ৪-৪ গোলের ড্রয়ে। সে ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পান হিগুয়েন।

এই আর্জেন্টাইন হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের প্রথমার্ধেই। ২৩ মিনিটে প্রথম গোল করার পর তিনি বাকি দুই গোল করেন ৩৭ ও প্রথমার্ধের যোগ করা সময়ে।

২৩ মিনিটে হিগুয়েনের প্রথম গোলটি দর্শনীয় এক ফ্রি-কিক থেকে পাওয়া। প্রায় ২০ মিটার দূর থেকে গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটি করেন সতীর্থের রক্ষণচেরা পাস ধরে প্রতিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্ডারকে বোকা বানিয়ে। আর তৃতীয় গোলটি করেন স্পটকিক থেকে।

২০০৯ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে খেলেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সবশেষ হ্যাটট্রিক করার রেকর্ডটিও তার। ২০১৯ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়ার আগে ৭৫ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন তিনি।

ক্লাব ক্যারিয়ারেও সফল হিগুয়েন। খেলেছেন রিয়াল মাদ্রিদ, নাপলি, য়্যুভেন্তাস, এসি মিলান, চেলসির মতো ক্লাবে। ২০২০ সালে ইউরপিয়ান ফুটবলের পাট চুকিয়ে যোগ দেন ডেভিড বেকহামের মালিকানার দল ইন্টার মিয়ামিতে। সেখানে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে করেছেন ২০ গোল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন