জাতীয় ডেস্ক :
ঝালকাঠি শহরে পুরাতন একটি বাড়ির মাটি খননের সময় কয়েকটি হাড়িভর্তি গুপ্তধন মিলেছে বলে খবর পাওয়া গেছে।
নারায়ণ পাল নামের এক ব্যক্তির বিক্রি করা বসতভিটা খননের সময় শনিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে ওই গুপ্তধন পাওয়া যায়। পরে ওই গুপ্তধন লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তবে গুপ্তধন লুটপাটের ব্যাপারে পুলিশ আফজাল নামে এলাকার এক ব্যক্তিকে খুঁজছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে নারায়ণ পাল নামের এক ব্যক্তির বসতভিটা সম্প্রতি ঝালকাঠির এক ব্যক্তি ক্রয় করেন।
শনিবার সকাল ৯টায় ওই জমি ভেকু মেশিন দিয়ে খনন করতে গেলে কয়েকটি মাটির হাঁড়ির মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তখন ভেকুর আঘাতে একটি কলস ফেটে গেলে ভেতরে থাকা শত শত রৌপ্যমুদ্রা বেরিয়ে আসে।
খবর পেয়ে আশপাশের লোকজন এসে অনেক রূপার মুদ্রা যে যার মতো কুড়িয়ে নিয়ে যায়। তবে মুদ্রাভর্তি কয়েকটি হাঁড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আফজালের বিরুদ্ধে।
এদিকে গুপ্তধনের একটি রুপার মুদ্রা পাওয়া গেছে। এলাকার এক যুবক দাবি করেছেন, তার শিশুমেয়ে মুদ্রাটি ঘটনাস্থল থেকে কুড়িয়ে পেয়েছে। কথিত কুড়িয়ে পাওয়া ওই মুদ্রায় ১৯০৭ সাল এবং সপ্তম অ্যাডওয়ার্ডের ছবি রয়েছে।
এ ব্যাপারে সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, ‘হাঁড়িভর্তি গুপ্তধনের ব্যাপারে আমার শুনেছি। বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এ ব্যক্তিকে আমরা খুঁজছি। তাকে পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে।’
