হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে বিএনপির সম্মেলনে হামলা বোমা বিষ্ফোরণের অভিযোগ, আহত ৩

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুর পৌরশহরের দুই স্থানে ওয়ার্ড বিএনপির সম্মেলনে হামলা, মারপিট, ভাংচুরসহ বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে শুক্রবার বিকেলে বিজয়রামপুর ও মোহনপুরে ওয়ার্ড বিএনপির সম্মেলন চলাকালিন হামলায় আহত হয় পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক জুলফিকার আলী ভূট্টো, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেনসহ তিনজন।

পৌর বিএনপির আহব্বায়ক খায়রুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে বিজয়রামপুর ওয়ার্ড বিএনপির সম্মেলনের আয়োজন করা হয় সাবেক পৌর কাউন্সিলর বসু মোল্যার চাতালে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত(মনিরামপুর) নেতা আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর থানা বিএনপির আহব্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আবদুল হাই, জুলফিকার আলী ভুট্টো, জামশেদ আলী, জাহাঙ্গীর বিশ্বাস, সন্তোষ স্বর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ।

পৌর বিএনপি নেতা সন্তোষ স্বর জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে সম্মেলনের শেষ পর্যায়ে যুবলীগের স্থানীয় ও বহিরাগত কর্মীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে আকস্মিক হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট শুরু করে। এতে চাতাল কর্মী জাহাঙ্গীর আলম আহত হয়। তাৎক্ষনিকভাবে বিএনপির সম্মেলন বন্ধ হয়ে যায়।

পরবর্তিতে বিএনপির নেতৃবৃন্দ বাধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোহনপুর ওয়ার্ড বিএনপির সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ছয়টার দিকে হাসপাতাল গেটের দক্ষিনপাশে পৌছানো মাত্রই যুবলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এতে পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক জুলফিকার আলী ভূট্টো, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন আহত হয়। এ সময় ভাংচুর করা হয় ভূট্টোর মোটরসাইকলেটি।

পরে আহতদেরকে উদ্ধারের পর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। থানা বিএনপির আহব্বায়ক শহীদ ইকবাল হোসেন জানান, যুবলীগের স্থানীয় ও বহিরাগত কর্মীরা হামলার পর তাদেরকে(নেতৃবৃন্দকে) একটি দোকানের মধ্যে এক প্রকার অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে এসআই আবু বক্কারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই তারা পর পর দুইটি বোমার বিষ্ফোরন ঘটিয়ে চলে যায়।

উপজেলা যুবলীগের আহব্বায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু জানান, যুবলীগের হামলার বিষয়টি তিনি অবগত নন। তবে তিনি দাবি করেন শান্তিপূর্ন সম্মেলন হলে স্থানীয় নেতাকর্মীদের(যুবলীগ) সহযোগীতার নির্দেশনা দেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন