হোম খুলনাযশোর মনিরামপুরে ঘের পাড়ে কিশোর খুন, রক্তাক্ত লাশ উদ্ধার

মনিরামপুরে ঘের পাড়ে কিশোর খুন, রক্তাক্ত লাশ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 70 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে গিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড়ের পাশে ঘের পাড়ে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কিশোরের মাথায় উপর্যুপরি কুপিয়ে ও ডান হাতের কব্জি কেটে শ্বাসরোধে হত্যা করে আনোয়ার ফকিরের ঘেরে ফেলে গেছে। নিহত আরিফ হোসেন বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে। খবর পেয়ে  সোমবার সকালে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছেন, এলাকার উঠতি বয়সী নেশাগ্রস্থ ও অনলাইন জুয়ার সাথে যুক্ত কিশোর ও যুবকদের সাথে আরিফের উঠাবসা ছিল। সেই ঘটনার দ্বন্দ্বে আরিফ খুন হতে পারে। ঘটনাস্থলে ঘেরের পাড়ে রক্তের পাশে একটি দিয়াশলাই ও নগদ কিছু টাকা পাওয়া গেছে। এদিকে অপর একটি সূত্র বলছে, কয়েকদিন আগে আরিফ দামি একটি মোবাইল ফোন কিনেছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোবাইলটি ছিনিয়ে নিয়েছে। মোবাইল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। নিহত কিশোরের পিতা আতিয়ার রহমান পুলিশকে জানিয়েছেন, রবিবার দিবাগত রাত ১০ টার দিকে বাড়িতে তার সাথে ছেলের দেখা হয়েছে। এরপর সকালে মাঠে মাছ ধরতে আসা লোকজন ঘেরের পানিতে লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে ও নিহতের বাড়িতে খবর দিয়েছেন। নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। তিনি জানান, কি কারণে কারা আরিফকে হত্যা করেছে তা উপস্থিতভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর বিস্তারতি জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন