মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আকস্মিক মণিরামপুর প্রেস ক্লাবে পরিভ্রমণ করেন। রোববার দুপুর দেড়টার দিকে তারা সঙ্গীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাবে উপস্থিত হন। এ সময় সভাপতি আল নাহিয়ান খান জয় পরিদর্শন বিবরণীতে স্বাক্ষর করেন এবং প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঢাকা নর্দান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মণিরামপুরের কৃতী সন্তান মহিদুল ইসলাম অদি জানান, গত শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তার গ্রামের বাড়ি উপজেলার বাহিরঘরিয়া গ্রামে দু’দিনের সফরে বেড়াতে আসেন। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আল নাহিয়ান খান জয় ও কেন্দ্রীয় ছাত্রলীগসহ বিভিন্ন জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
নিজ এলাকার সফর শেষে রোববার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সঙ্গীয় নেতাকর্মীদের নিয়ে মণিরামপুর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়ে শামিল হন। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় শেষে সভাপতি আল নাহিয়ান খান জয় প্রেস ক্লাবের পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন।
এ সময় তিনি পরিদর্শন বহিতে মণিরামপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিককে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনসহ স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় উল্লেখ করেন।
সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ তাদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিজানুর রহমান পিকুল, শুভ্রদেব হালদার বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, নাজমুল সিদ্দিকী নাজ, ধর্মবিষয়ক সম্পাদক তুহিন রেজা, উপ-গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক তন্ময় দেবনাথ প্রমুখ।
