মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
করোনা ভাইরাস রোধে যশোরের মণিরামপুরে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৯৬ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া মাধ্যমে করোনা টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে বালিয়াডাংগা খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান প্রধান অতিথি হিসেবে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ অনুপ কুমার বসু।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার টিকাদান কার্যক্রমের প্রথম দিনে বালিয়াডাংগা খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া, লাউড়ি, বিজয়রামপুর, শ্যামনগর, কামিনীডাঙ্গা, মুড়াগাছা, বাজিতপুর, বাগডাংগা ও মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৯’শ ৯৬ শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, ধারাবাহিকভাবে উপজেলার ১৭টি কলেজ, ৬৯টি মাদ্রাসা এবং ১২৫টি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ করোনা টিকা দেওয়া হবে।
