রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, এ প্রকল্পের ফলে একদিকে যেমন গ্রামের মানুষ আর্থিক সচ্ছলতা আনবে, তেমনি উৎপাদিত হবে পুষ্টিকর খাবার। সল্প সময়ে কর্মসংস্থান ও আর্থিক সচ্ছলতায় এ প্রকল্প অগ্রণী ভুমিকা রাখবে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। আজ জননেত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গ্রামা লের অসহায় মানুষের আর্থিক উন্নয়ন করার মধ্যে দিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় ভিত্তিক নানা কর্মসূচী হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছেন।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা সমবায় অধিদপ্তরের আওতায় দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাভী কিনতে দেড় শ’ জনের মাঝে ১কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, সারা দেশের মধ্যে এ প্রকল্প মণিরামপুর উপজেলায় এবং মেহেরপুর উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। গাভী কেনার পর দুধ প্রক্রিয়াজাত করতে উপজেলার ভান্ডারিয়া এলাকায় মিল্কভিটার ফ্যাক্টরি স্থাপনে অর্থ বরাদ্দ হয়েছে। এ কারনে প্রকল্প সফল হলে পরবর্তিতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তিনি এসময় হুশিয়ারি করে বলেন, ঋণের টাকা অন্য কাজে ব্যয় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান (এনডিসি) বলেন, এ প্রকল্প সফল হলে এই এলাকার কৃতি সন্তান প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য স্যারের মূখ উজ্জ্বল হবে। একই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকার সাফল্যের আরও একধাপ এগিয়ে যাবে।
সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস বলেন, এ প্রকল্প বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবং মিল্কমিভটার ম্যানেজারের মাধ্যমে সুবিধাভোগীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেভাবেই হোক প্রকল্প সফল করতে এ এলাকার সুবিধাভোগীদের বিশেষভাবে উদ্যোগি হতে হবে।
এর আগে সূচনা বক্তব্যে প্রকল্প পরিচালক মিজানুর রহমান বলেন, প্রকল্পে ৪৯ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এ উপজেলার ২ হাজার ৫শ’ জন এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। কয়েকটি ধাপে সুবিধাভোগীদের বিশেষ প্রশিক্ষনের পর ঋনের চেক বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায় ৫শ’ জন সুবিধাবোগীদের চেক দেওয়া হবে। তাদের কার্যক্রম শেষ হলে পরবর্তি ধাপে আবারও ঋণ সুবিধা দেওয়া হবে। আজ ১শ’৫০ জনকে ঋণের চেক বিতরন করা হচ্ছে। প্রতিজন ১ লাখ ৫ হাজার টাকা ঋণ সুবিধা পাবেন। এরমধ্যে ৮০ হাজার টাকায় গাভী কিনতে পারবে বাকী টাকায় গাভী পালনে খাদ্য কিনতে পারবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, প্রকল্প পরিচালক আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন। উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবুজার সিদ্দিকী, মিল্কভিটার ম্যানেজার ডাঃ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মে খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সমবায় কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন প্রমূখ।
এরপর পৌরসভা আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা ও উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনা আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা প্রকল্প উপজেলা সার্বিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
পরে বিকেলে তিনি উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা গ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা প্রকল্পে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
