মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর উপজেলার ১২নং শ্যামকূড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থীর সকলেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তাঁর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাই।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ১২ নং শ্যামকূড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি বিদ্রোহী (স্বতন্ত্র), উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মরহুম মশিউর রহমানের ভাই বিএনপি নেতা আনছার আলী ও অপর বিএনপি নেতা জিএম হাফিজুর রহমান এবং জামায়াত সমর্থিত মনিরুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন।
গত ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে বিএনপি নেতা জিএম হাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয় এবং বৃহস্পতিবার(১১নভেম্বর) দুপুরে মণিরামপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষনা জানান এবং সংবাদ সম্মেলন শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
এ ছাড়া অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি নেতা আনছার আলী ও জামায়াত সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান ও মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। ফলে এই ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি আর কোন প্রার্থী না থাকায় ১২ নং শ্যামকূড় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন বলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিস সুত্রে জানা গেছে।
