হোম অর্থ ও বাণিজ্য ভ্যাট কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাণিজ্য ডেস্ক :

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর উপকমিশনার আবু হানিফ মো. আবদুল আহাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সঙ্গে অসদাচরণসহ আইনশৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগে এনে তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফেনীর ব্যবসায়ী নেতারা।

মঙ্গলবার (৫ এপ্রিল) ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইনডাস্ট্রি আয়োজিত মানববন্ধনে জোরালোভাবে এমন দাবি তোলেন ফেনীর বিভিন্ন ব্যবসায়ী নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমস অ্যান্ড ভ্যাট কর্মকর্তা, ডেপুটি কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে ফেনীর সব ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অস্বস্তিতে রয়েছেন।

ডেপুটি কমিশনার মাসখানেক ধরে ফেনীর কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান, খাবার হোটেল, চাইনিজ হোটেলে ভ্যাট আদায়ের নামে ক্রেতা থাকা অবস্থায় লাইট নিভিয়ে দিয়ে অভিযান চালানোর নামে ঘণ্টার পর ঘণ্টা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিক-কর্মচারীকে নিয়ে টানাহেঁচড়া করা, প্রতিষ্ঠানের হিসাবের খাতা, ল্যাপটপ ইত্যাদি নিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছেন।

এমতাবস্থায় বিষয়টি নিয়ে আলোচনার জন্য চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতারা বারবার ভ্যাট কর্মকর্তার কার্যালয়ে গেলেও তার দেখা মিলছে না। বিভিন্ন কারণ দেখিয়ে তিনি ব্যবসায়ী দলের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে চলেছেন। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের স্বার্থে ভ্যাট কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন করতে বাধ্য হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ভ্যাটদাতাদের দাবির আলোকে দুর্নীতিবাজ ও মানসিক সমস্যাগ্রস্ত কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন ব্যবসায়ী নেতারা।

ফেনী চেম্বার অব কমার্স ইনডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সহসভাপতি ফরিদ উদ্দিন পাঠানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ফেনীর সভাপতি ইসমাঈল হোসেন খোকন, ফেনী হার্ডওয়্যার অ্যান্ড সেনেটারি ব্যবসায়ী সমিতি সভাপতি নুরুল আলম জিল্লু, চাইনিজ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি ইমন উল হক, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ফেনীর সভাপতি শাহজাদা, চাড়িপুর বিসিক শিল্পনগরী ক্ষুদ্র উদ্যোক্তা নজরুল ইসলাম খোন্দকার, ফেনী জেলা করাতকল ও ফার্নিচার মালিক সমিতির সভাপতি আমীর হোসেন চৌধুরী মোজাম্মেল, শহীদ হোসেন উদ্দিন বিপণিবিতান ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম ও গ্রান্ড হক টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহীন।

এ ছাড়া কর্মসূচিতে ফেনী চেম্বারের সহসভাপতি জাফর উদ্দিন, পরিচালক তাজুল ইসলাম, গোলাম ফারুক বাচ্চু, হারুন মজুমদার, নুর আজম, গোলাম মাওলা, সিরাজুল ইসলাম পাটোয়ারী, নুরুল হাদী ওয়াসিম ও মুশফিকুর রহমান পিপুলসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন