আন্তর্জাতিক ডেস্ক :
ভয়াবহ ভূমিকম্পের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আফগানিস্তানের বাসিন্দারা। তালেবান সরকারের আহ্বানে ইতোমধ্যেই সাড়া দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সোমবার (৪ জুলাই) চীনের রেড ক্রিসেন্ট সোসাইটির পাঠানো ১৬ টন ত্রাণ সামগ্রী পৌঁছায় দেশটিতে। সেইসঙ্গে তালেবান সরকারের কাছে ২ লাখ ডলার অর্থ সহায়তাও দেয়া হয়।
সোমবার চীনের রেড ক্রিসেন্ট সোসাইটির পাঠানো ১৬ টন ত্রাণ সামগ্রী পৌঁছায় দেশটিতে। সেইসঙ্গে তালেবান সরকারের কাছে ২ লাখ ডলার অর্থ সহায়তাও দেয়া হয়। চীনা প্রতিনিধিদল এদিন কাবুলে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করে আফগান প্রশাসনের কাছে।
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মাতিউল হক খালিস বলেন, চীন আমাদের সহায়তা দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড আফগানিস্তানে চলছে মানবিক সংকট। নেই খাবার, পানি কিংবা মাথা গোঁজার ঠাঁই। চারদিকে কেবল ধসে পড়া ভবনের স্তূপ। আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন স্বজনহারা মানুষেরা।
ভূমিকম্পের পরই আক্রান্ত এলাকা ও মানুষদের জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায় তালেবান সরকার। ত্রাণ পাঠানোর ঘোষণা দেয় ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ।
এদিকে, ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও ত্রাণ সহায়তা চেয়েছে তালেবান সরকার। একইসঙ্গে দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।
আফগানিস্তানের জব্দকরা অর্থ ফেরত দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবান।
গত ২২ জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। গৃহহীন হয়েছেন কয়েক হাজার মানুষ।
