জাতীয় ডেস্ক :
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে ১ কেজি ৯৮৫ গ্রাম (১৭০ ভরি) ওজনের ১৭টি সোনার বারসহ মো. মুনতাজ (৪৬) নামে একজনকে আটক করেছেন বিজিবির সদস্যরা।
শুক্রবার (১৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সোনার বারসহ ওই পাচারকারীকে আটক করা হয়।
আটক মো. মুনতাজ বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানার রুদ্রপুর গ্রামের সালামের মোড়ে অভিযান চালায় বিজিবি। এ সময় ১.৯৮৫ কেজি (১৭০ ভরি) ওজনের মোট ১৭টি সোনার বারসহ মো. মুনতাজ নামে একজনকে আটক করা হয়। জব্দকৃত এসব সোনার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা।
এতে আরও বলা হয়, সোনার বারগুলো আটককৃত ব্যক্তির কোমরে লুঙ্গির সঙ্গে কালো রঙের কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকানো ছিল।
আটককৃত মুনতাজ জানান, সোনার বারগুলো রুদ্রপুর গ্রামের সালামের মোড় থেকে এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করেন। তবে ওই ব্যক্তির ঠিকানা জানাতে পারেননি তিনি।
