খেলাধূলা ডেস্ক :
ভারতের বিপক্ষে ৩৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। যে জয়ে তারা গড়েছে একাধিক রেকর্ড। টেস্ট ইতিহাসে এটি ইংলিশদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। যেটা আবার সর্বোচ্চ এজবাস্টনেও। এত বড় লক্ষ্য বেঁধে দিয়ে আগে কখনো হারেনি ভারত।
বার্মিংহামে বৃহস্পতিবার (০৫ জুলাই) সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল ১১৯ রান। আর ভারতের প্রয়োজন ছিল ৭ উইকেট। চতুর্থ দিনের ১৫০ রানে টিকে থাকা জো রুট-জনি বেয়ারস্টো জুটিকে এদিনও পরাস্ত করতে পারেননি জসপ্রিত বুমরাহর দল। আগের দিনের মতোই ওয়ানডে মেজাজ ধরে রেখে মাত্র ১৯.৪ ওভারেই তারা তুলে নেন জয়ের জন্য প্রয়োজনীয় রান।
নিজের টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে রুট ও ১২তম সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন বেয়ারস্টো। তাদের ২৬৯ রানের অপরাজিত জুটিটি ইংলিশদের ১৫তম সর্বোচ্চ রানের জুটি। ১৯ চার ও এক ছক্কার মারে ১৭৩ বল মোকাবিলায় ১৪২ রানে অপরাজিত ছিলেন রুট। ১৪৫ বল মোকাবিলায় ১৫ চার ও এক ছক্কায় ১১৪ রান আসে বেয়ারস্টোর ব্যাট থেকে।
এর আগে দ্বিতীয় ইনিংসে অ্যালেক্স লিস ৫৬ ও জ্যাক ক্রাউলি ৪৬ রান করে আউট হন। ভারতীয় বোলারদের মধ্যে ৭৪ রান খরচে ২ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বুমরাহকে।
গত বছরের সেপ্টেম্বরে অসমাপ্ত সিরিজটিতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ পর্যন্ত ২-২ এ সমতায় ফিরল ইংল্যান্ড।
এদিকে ভারতের দেয়া বিশাল টার্গেট তাড়া করে ম্যাচ জেতায় একাধিক রেকর্ড গড়েছে ইংলিশরা। এজবাস্টনে এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৮ সালে তারা ইংলিশদের বিপক্ষে ২৮১ রান তাড়া করে ম্যাচ জিতেছিল। আর এ মাঠে স্বাগতিকরা ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ২০৮ রান তাড়া করে ম্যাচ জিতেছিল। অন্যদিকে ৩৭৮ রান তাড়া করে ম্যাচ জয় ইংলিশদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।
এর আগে হেডিংলিতে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫৯ রান করে ম্যাচ জিতেছিল ইংলিশরা। এতদিন পর্যন্ত এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। এদিকে আরো একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রুটরা। প্রতিপক্ষকে ৩০০ রানের অধিক টার্গেট দিয়ে ভারতের একমাত্র হারের রেকর্ড ছিল কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাও ৪৫ বছর আগে ১৯৭৭ সালে ৩৩৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল অজিরা। এবার তাদের ছাপিয়ে ৩৭৮ রান তাড়া করে বুমরাহদের বিপক্ষে ম্যাচ জয়ের রেকর্ড গড়ল ইংলিশরা।
এর আগে প্রথম ইনিংসে রিশভ পন্তের ১৪৬ এবং রবীন্দ্র জাদেজার ১০৪ রানের ওপর ভর করে ভারত ৪১৬ রানের বড় সংগ্রহ পায়। এরপর মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহর আক্রমণে ২৮৪ রানে গুড়িয়ে যায় ইংল্যান্ড। সিরাজ ৪ ও বুমরাহ ৩ উইকেট শিকার করেন।
দ্বিতীয় ইনিংসে অবশ্য ভারতীয় ব্যাটারদের অবস্থা তথৈবচ। বেন স্টোকস, স্টুয়ার্ড ব্রড এবং ম্যাথিউ পটসদের দাপটে ভারতের ইনিংস ২৪৫ রানে গুটিয়ে যায়। স্টোকস ৪টি আর ব্রড ও পটস ২টি করে উইকেট তুলে নেন। দলের পক্ষে সর্বোচ্চ চেতেশ্বর পূজারা ৬৬ এবং রিশভ পন্ত ৫৭ রান করেন।
