হোম খেলাধুলা ভারতকে শিরোপা জেতাতে যে কোনো কিছু করতে রাজি কোহলি

খেলাধূলা ডেস্ক :

বিরাট কোহলিকে নিয়ে বিরাট দুশ্চিন্তায় গোটা ক্রিকেটবিশ্বই। তর্কযোগ্য ভাবে বর্তমান সময়ের সেরা ক্রিকেটারের ব্যাট যে হাসে না দীর্ঘ তিন বছর। লাল বিল হোক আর সাদা, ভারতীয় ব্যারিং মায়েস্ত্রর ব্যাট কথা বলে না কোন বলের বিপক্ষে। তাই রীতিমত শোরগোল -এবার বাদ দেওয়া হোক তাকে। কোহলি নাকি ফুরিয়ে গেছেন। তবে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় দুই ইভেন্ট সামনে রেখে কোহলি শোনালেন আশার বাণী, দলকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতাতে যে কোন কিছু করতে রাজি তিনি।

২০১৯ সালের নভেম্বরে গোলাপি বলের টেস্টে ইডেন গার্ডেনে সবশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। এরপর মাঝখানে করোনা মহামারি পৃথিবীকে বদলে দিয়ে পরিচয় করিয়ে দিয়েছে নতুন এক বাস্তবতার সঙ্গে। সেই বাস্তবতায় থিতু হতে না হতেই চমকে ওঠে ক্রিকেট ভক্তরা। বিরাট কোহলির ব্যাট হাসছে না। দীর্ঘ তিনবছর সেঞ্চুরি পান না ৭০টি সেঞ্চুরির মালিক বিরাট। শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের পর তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিকের এই সেঞ্চুরি খরা অস্বাভাবিক বৈকি।

কোহলির এই অফফর্ম কাটিয়ে উঠতে অনেকের পরামর্শ ছিল বিশ্রাম। ক্রিকেট থেকে কিছুদিন বিশ্রামে কোহলি নিজেকে ফিরে পেতে পারেন এমন বিশ্বাস ছিল অনেকের। তবে বিশ্রামেও মেলেনি ফল। আইপিএলে বাজে পারফরম্যান্সের পর তিনি বিশ্রাম নেন দেশের মাটিতে হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে। এরপর মাঠে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও রান পাননি তিনি।

এবছরের শেষ কয়েকমাসে আছে বেশ কয়েকটি বড় ক্রিকেট ইভেন্ট। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর বলে এশিয়া কাপের এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দুই ফরম্যাটে কোহলি সুযোগ পাবেন কি-না তা নিয়ে আছে সংশয়। কেউ চান এই দুই বড় ইভেন্টে কোহলি থাকুক, কারো চাওয়া এই দুই টুর্নামেন্টে ইনফর্ম কাউকে দলে নেওয়া হোক।

এমন সময়ে কোহলি অবশ্য প্রতিশ্রুতি দিচ্ছেন দলকে শিরোপা জেতাতে যে কোন কিছু করতে প্রস্তুত তিনি। স্টার স্পোর্টসে প্রকাশিত এক বিবৃতিতে ৩৩ বছর বয়সী তারকা বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হচ্ছে ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতাতে সাহায্য করা এবং তার জন্য আমি এই দলের হয়ে যে কোন কিছু করতে রাজি।’

বিরাটের এমন মন্তব্য অনেককে দেখাচ্ছে আশার আলো। বড় আসরে হয়তো জ্বলে উঠবেন সেরা ফর্মের চেনা কোহলি। তবে কেউ আবার ট্রল করতেই ছাড়ছে না। ‘যে কোন কিছু করা বলতে কি কোহলি অবসরের ইঙ্গিত দিচ্ছেন?’ – এমন মন্তব্য করতেও দেখা যাচ্ছে সমালোচকদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন