আন্তর্জাতিক ডেস্ক :
যে হুমকি পাওয়ার পর পাকিস্তান সফর স্থগিত করে দিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট টিম, তা ভারত থেকে এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
বুধবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্ল্যাক ক্যাপসদের হুমকি দেওয়া ইমেইল বার্তাটি প্রতিবেশী ভারতের মুম্বাই থেকে এসেছে। পাকিস্তান এখন মিশ্র ও পঞ্চম-প্রজন্মের যুদ্ধের মুখোমুখি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জিয়ো নিউজ এমন খবর দিয়েছে।
নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে গত সপ্তাহে পাকিস্তান সফল স্থগিত করে বুধবার নিজ দেশে ফিরে যায় নিউজিল্যান্ডের ক্রিকেট দল। তারা বলছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির বিষয়ে আমরা অবগত। তবে এ নিয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি।
যদিও ফাওয়াদ চৌধুরী বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট দলকে একটি ইমেইলের মাধ্যমে ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে। যদিও ভিপিএনে হুমকি দাতার স্থান সিঙ্গাপুর দেখানো হয়েছে।
গত আগস্টে তেহরিক-ই-তালেবানের সাবেক কমান্ডার এহসান উল্লাহ এহসানের নামে সামাজিকমাধ্যমে একটি ভুয়া পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে পাকিস্তান সফরের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ক্রিকেট দলকে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়েছে, নিউজিল্যান্ডের ক্রিকেট দলের পাকিস্তানে সফর করা উচিত না। তারা সেখানে গেলে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার মুখে পড়বে ব্ল্যাক ক্যাপসরা।
এর দুদিন পরে ২১ আগস্ট ভারতের সানডে গার্ডিয়ানে একটি নিবন্ধ প্রকাশ করেন পত্রিকাটির ব্যুরো প্রধান অভিনন্দন মিসরা। এতে তিনি লিখেছেন, নিউজিল্যান্ডের ক্রিকেট দল পাকিস্তানে সফরে গেলে হামলার শিকার হবে। এহসান উল্লাহ এহসানের পোস্টকে ঘিরেই সানডে গার্ডিয়ানের ওই নিবন্ধ প্রকাশিত হয়েছে।
ফাওয়াদ চৌধুরী বলেন, আফগানিস্তানের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের সঙ্গে অভিনন্দন মিসরার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এ নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন সহিংসতার জন্য চিরবৈরী ও পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী নিয়মিতভাবেই পরস্পরকে দায়ী করে আসছে। যদিও এসব অভিযোগ দুই দেশের সরকারই অস্বীকার করছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরা আসার অপেক্ষায় থাকা ওয়েস্টইন্ডিজ ক্রিকেট দলকেও একটি হুমকি দেওয়া হয়েছে। যা ভুয়া ছিল।
লাহোরে ২০০৯ সালে শ্রীলংকার ক্রিকেট দলের বাসে প্রাণঘাতী হামলার পর বিভিন্ন দেশ পাকিস্তান সফরকে এড়িয়ে চলছে। কিন্তু পাকিস্তান তাদের ক্রিকেটের সেই রমরমা অবস্থা আবার ফিরিয়ে আনতে মরিয়া।
কিন্তু নিউজিল্যান্ডের এই প্রত্যাহার পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরবর্তীতে ইংল্যান্ডও তাদের পুরুষ ও নারী ক্রিকেট দলের সফর স্থগিত ঘোষণা করেছে।
