হোম আন্তর্জাতিক বুচা শহরে এবার ‘টর্চার চেম্বারের’ সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের বুচা শহরে শিশুদের স্যানিটোরিয়ামের (চিকিৎসাকেন্দ্র) বেসমেন্টে একটি ‘টর্চার চেম্বারের’ সন্ধান পেয়েছে ইউক্রেনীয় পুলিশ। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এক টেলিগ্রাম পোস্টে প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, বুচায় শিশুদের ওই স্যানিটোরিয়াম থেকে পাঁচ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের হাত পেছন থেকে বাধা ছিল। রুশ সেনারা ইউক্রেনের নিরীহ মানুষকে নির্যাতন করে হত্যা করেছে। এ টর্চার চেম্বারই তার বড় প্রমাণ।

এর আগে রুশ সেনারা বুচা শহরের ৩ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুচা ছাড়াও রাশিয়ার কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া অন্যান্য শহরে আরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) প্রথমবারের মতো বিধ্বস্ত বুচা শহর পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় তিনি দাবি করেন, শহরটিতে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হয়েছে। নিরীহ মানুষদের হত্যার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জেলেনস্কি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, রাশিয়া বেসামরিক নাগরিক নিহতের সব প্রমাণ নষ্টের চেষ্টা করতে পারে। কিন্তু তাদের জবাবদিহি করতে হবে। দনবাস ও খারকিভে বহু সেনা জড়ো করছে রাশিয়া। আমরা জানি তারা সেখানে কী করতে যাচ্ছে। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে আবারও পশ্চিমা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি আমি।

এদিকে ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যার কারণে রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর থেকে বহিষ্কারের আবেদন করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন