জাতীয় ডেস্ক :
নেত্রকোনার কেন্দুয়ায় এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। মুকলু মিয়া (২৫) নামে ওই ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন ভুক্তভোগী ছিদ্দিকুর রহমান। ছিনতাইয়ের ঘটনাটি রোববার (৩ জুলাই) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ সড়কের সোনালী ব্যাংকের সামনে ঘটে। আটক মুকলু মিয়া (২৫) ঢাকার সাভার এলাকার ছোট অমরপুর গ্রামের বাহাদুর মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের কটিয়াদীতে থেকে সাপ খেলা দেখাত বলে জানায় পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছিদ্দিকুর রহমানের স্ত্রী হেলেনা আক্তার রোববার দুপুরে সোনালী ব্যাংক থেকে নগদ ১ লাখ টাকা উত্তোলন করে বের হতেই ওত পেতে থাকা ছিনতাইকারী টাকা ছিনিয়ে নেয়। টাকা নিয়ে দৌড়ে পালানোর সময় তাৎক্ষণিক জনতার হাতে আটক হয়। পরে পুলিশের হাতে ছিনতাইকারীকে সোপর্দ করে স্থানীয় জনতা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) জোনাঈদ আফ্রাদ এবং ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানের স্ত্রী হেলেনা আক্তার দুপুরের দিকে সোনালী ব্যাংক কেন্দুয়া শাখা থেকে ১ লাখ টাকা উত্তোলন করে নিচে নামলে ছিনতাইয়ের শিকার হন। এ সময় হেলেনা আক্তারের চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে ছিনতাইকারীকে টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বিকেলেই বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
এদিকে স্থানীয় সাংবাদিকদের কাছে ধৃত মুকলু মিয়া জানায়, সে সাপের খেলা দেখানোর মজমা করে। এ ঘটনাটি লোভের কারণে করেছে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকলু মিয়া স্বীকার করেছে বলেও পুলিশ জানায়।
