বিনোদন ডেস্ক :
ভারতের দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা ও তার প্রেমিক ভিগনেশ শিবন তামিলনাড়ুর মহাবলীপুরমের রিসোর্টে বিয়ের পর্ব সেরেছেন গেল বৃহস্পতিবার (৯ জুন)। তামিল প্রথা মেনে লাল শাড়ি আর ঘি-সোনালি রঙা ধুতি-পাঞ্জাবিতে বিয়ের সাজে সেজেছিলেন তারা। নবদম্পতির অসামান্য ছবিতে মুগ্ধ হয়েছেন সবাই।
এই নবদম্পতির বিয়ের আনন্দের রেশে ভাটা দিয়েছে এক আইনি নোটিশ। তিরুপতি মন্দিরের পক্ষ থেকে তাদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠানোর কারণ হিসেবে জানা গেছে যে, নয়নতারা ও ভিগনেশের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ এনেছেন মন্দির কর্তৃপক্ষ। সদ্যবিবাহিত নয়নতারা ও তার স্বামী ভিগনেশ জুতা পরেই ঢুকেছিলেন মন্দিরে। তার ওপর আবার সেখানে ঢুকে নাকি ফটোশুট করেছেন নবদম্পতি, যা একেবারেই মন্দিরের নিয়মের বাইরে।
সম্প্রতি নয়নতারা-ভিগনেশের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তারা জুতা পরে মন্দিরে ঢুকছেন। তা চোখে পড়েছে মন্দিরের নিরাপত্তারক্ষীর। মন্দির কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে বলেছে, জুতা পরে মন্দিরে ঢোকা একেবারেই নিষিদ্ধ। তার ওপর তারা ছবিও তুলেছেন। এখানে কোনো ব্যক্তিগত ক্যামেরা নিয়ে ঢোকাও নিষেধ। এরপর আমরা অভিনেত্রীকে নোটিশ পাঠিয়েছি।
বিয়ের পরপরই মন্দিরে পূজা দিতে গিয়ে যে এভাবে নিয়মভঙ্গের দায়ে পড়বেন, আইনি নোটিশ পাবেন, তা বোধহয় ভাবতেও পারেননি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। তবে নিজের ভুলও বুঝতে পেরেছেন নয়নতারা। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে অভিনেত্রী জানিয়েছেন যে জুতা পরে মন্দিরে পা রাখার জন্য ক্ষমাপ্রার্থী। এক ভিডিওবার্তা দিয়ে তার জন্য সবার কাছে ক্ষমা চাইতেও রাজি বলে জানান। তবে নোটিশের উত্তর তাকে দিতেই হবে বলে জানান তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের প্রধান নিরাপত্তারক্ষী নরসিংহ কিশোর।
২০১৫ সালে দক্ষিণী সিনেমা ‘নানুম রাউডি’তে প্রথম জুটি বাঁধেন ভিগনেশ ও নয়নতারা। তখন থেকেই প্রেম। প্রথম সিনেমাতেই সুপারহিট নয়নতারা ও ভিগনেশ জুটি। এরপর রিলের জুটি রিয়েল হয়ে ওঠে। ধীরে ধীরে উভয়ের প্রেম, পরিণয়। প্রথমে কথা ছিল, তিরুপতি মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা। কিন্তু পরে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত বদল হয়। আর তাই বিয়ের পরই তারা মন্দিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে আইনি বিপাকে জড়ালেন দক্ষিণ ভারতের তারকা দম্পতি।
