জাতীয় ডেস্ক :
বরিশাল বিভাগে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে কম। শুধু তাই না, মোট জনসংখ্যা বৃদ্ধির হারেও সবচেয়ে কম। তবে একধাপ পিছিয়ে মোট স্বাক্ষরতার হারে এবার অবস্থান দ্বিতীয়তে। এমন আরও নানা তথ্য উঠে এসেছে সদ্য প্রকাশিত সরকারের ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে।
দেশের অন্যান্য বিভাগে যখন জনসংখ্যার হারে ঊর্ধ্বগতি, তখন বরিশালে নিম্নগতিতে। এখানে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার মাত্র ০.৭৯ ভাগ। বরিশাল বিভাগে মোট জনসংখ্যা ৯১ লাখ ১০২ জন। জনসংখ্যার হারে যা দেশের সর্বনিম্ন।
মোট স্বাক্ষরতার হারে এক নম্বর স্থান থেকে ছিটকে এক ধাপ পিছিয়েছে। তবে নারী স্বাক্ষরতায় বরিশালের মেয়েরা দেশ সেরা, শতকরা ৭৬.৭১ ভাগ। এছাড়াও পল্লী এলাকার স্বাক্ষরতা হার দেশের সবচেয়ে বেশি এখানে ।
দেশে দাম্পত্য বিচ্ছেদ ও তালাকপ্রাপ্তদের হার সর্বনিম্ন বরিশাল বিভাগে। শতকরা ০.৩১ ভাগ স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ, আর তালাকপ্রাপ্ত হয় ০.২৯ ভাগ স্ত্রী।
এছাড়াও বরিশালে ৫ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শতকরা ৫৬ দশমিক তিন নয় ভাগ আর ১৮ বছর থেকে তদুর্ধ্ব পর্যন্ত ৬৩ দশমিক শূন্য ২ ভাগ মানুষ মোবাইল ব্যবহার করে।
