বাণিজ্য ডেস্ক :
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই রূপান্তরের মাধ্যমে দেশের ৯ মিলিয়ন মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকার ৫১৫ মিলিয়ন ডলারের একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (৩০ জুন) পাঠানো বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৯ জুন) অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দনদন চেন এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে বিদ্যুৎ বিতরণ আধুনিকীকরণ কর্মসূচি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৫টি গ্রামীণ বৈদ্যুতিক সমবায় বা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিটালাইজেশন ও আধুনিকীকরণে সহায়তা করবে এবং বিদ্যুতের সিস্টেম লস ২ শতাংশের বেশি কমে আসবে। এ প্রোগ্রামটির ফলে বিদ্যুৎ ব্যবস্থার জলবায়ু সহনশীলতা উন্নত হওয়ার পাশাপাশি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) বিদ্যুৎ সরবরাহ ৬ হাজার ৭৯০ গিগাওয়াট বাড়বে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দনদন চেন এক বিবৃতিতে বলেন, এ কর্মসূচির মাধ্যমে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজনীয়তা পূরণের জন্য নতুন ও উদীয়মান প্রযুক্তিগুলো দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার দক্ষতা ও নির্ভরযোগ্যতাকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, বিইআরবির মাধ্যমে এ কর্মসূচি গ্রিডে ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সংযুক্ত করবে। ৩১ হাজার কিলোমিটার বিতরণ লাইন উন্নত ও নির্মাণের পাশাপাশি ২ লাখ আধুনিক মিটার স্থাপন করা হবে। এ ছাড়া ২৫টি পল্লী বিদ্যুৎ নেটওয়ার্কে জলবায়ু সহিষ্ণুতা বাড়াতে পদক্ষেপ নেয়া হবে এবং এর মাধ্যমে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমকে শক্তিশালী করা হবে।
এ সার্বিক ব্যবস্থাপনায় সব মিলিয়ে কার্বন নিঃসরণের বার্ষিক পরিমাণ ৪১ হাজার ৪০০ মেট্রিকটন কমিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।
