জাতীয় ডেস্ক :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছে থেকে বিকাশ-নগদের প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ও ১৭টি সিম উদ্ধার করা হয়।
শনিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাত ১০টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওরা নামক এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বিকাশ-নগদের প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ১৭টি সিমসহ সাত প্রতারককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের জুয়েল মাতুব্বর (৩২), মুরছালিন মাতুব্বর (২৪), সুজন মাতুব্বর (২৩), একই উপজেলার সোনামুখীরচর গ্রামের হিমেল তালুকদার (২৫), ঠাণ্ডু শেখ (৩০), সোহাগ শেখ (২৬) ও গৌতম মালো (৩৩)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, উক্ত আসামিদের বিরুদ্ধে এসআই মো. সোহেল রানা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।
