জাতীয় ডেস্ক :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াতের আমলে ১৮ ঘণ্টা লোডশেডিং থাকতো। ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারতো না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন। তার কারণ জ্বালানি তেলের সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া। সেখান থেকে জ্বালানি তেল আনা দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। তাই আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে ঝালকাঠি জেলা পরিষদে কোভিড-১৯ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
এ সময় জেলার সাত হাজার ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সাবান ও মাস্ক। এ ছাড়া জেলা পরিষদের অর্থায়নে দুজন গৃহহীনকে ঘর দেয়া হয়। পরে ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলা পরিষদের মেইন গেট এবং ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত অভ্যন্তরীণ সড়কের উদ্বোধন করেন আমির হোসেন আমু।
