হোম ফিচার বিএনপিকর্মী নিহতের ঘটনায় সোমবার সারা দেশে গায়েবি জানাজা: ফখরুল

রাজনীতি ডেস্ক :

ভোলায় বিএনপিকর্মী আবদুর রহিম নিহতের ঘটনায় সোমবার (১ আগস্ট) সারা দেশে গায়েবি জানাজা আয়োজনের ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ফখরুল বলেন, আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে সোমবার ঢাকায় নয়া পল্টনে গায়েবি জানাজা ও সারা দেশে জেলা পর্যায়ে গায়েবি জানাজা অনুষ্ঠিত হবে৷ পরদিন (মঙ্গলবার) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, ভোলাতে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি আক্রমণে গুলি করে আবদুর রহিমকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অসংখ্য নেতাকর্মী। সারা দেশের মানুষকে বিক্ষুব্ধ করেছে এ ঘটনা। সরকারের ফ্যাসিবাদি চরিত্র আবারও ফুটে উঠেছে।

বিএনপি মহাসচিব বলেন, বিরোধীদেরে আন্দোলন দমন করতেই নির্যাতন ও হত্যার পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা৷ যা কখনই সম্ভব নয়।

এ সময় এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি করেন তিনি।

ফখরুল বলেন, বিচারবিভাগীয় তদন্ত দাবি করি না, যেখানে বিচার নেই সেখানে এসব লাভ হয় না।

সারা দেশে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিলে বিএনপি-পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শহরের মহাজনপট্টি এলাকার এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম উপজেলার দক্ষিণ দিঘলধী ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের যুবদল নেতা বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় ৭ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন