মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলাকে আলোকিত ও মানবিক উপজেলা হিসাবে বিনির্মাণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। উদ্যোগগুলোকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
জানাগেছে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন সমাজের বিভিন্ন পেশাজীবীদের সম্পৃক্ত করে নানা উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্যোগগুলো হলো, মোল্লাহাট উপজেলার সকল বিদ্যালয়ে ফুলবাগান তৈরীর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা ও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে আগ্রহী করে তোলা, সকল পাঠাগার সক্রিয় করা এবং শিক্ষক ও ছাত্র ছাত্রীদের নিয়ে বই পড়া প্রতিযোগিতা আয়োজন, ডিজিটাল বাংলাদেশ ও ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক সেমিনার আয়োজন, অদক্ষ ও অল্প শিক্ষিত নারী এবং অদক্ষ ও শিক্ষিত নারী-পুরুষকে ফ্রিল্যানসিংসহ বিভিন্ন প্রশিক্ষন প্রদানের মাধ্যমে যুতসই কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উদ্যোগ সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান, বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব প্রতিষ্ঠা করে মেধাবী শিক্ষার্থীদের নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট উদ্ভাবনে সহযোগীতা করা, তরুণ ও যুবকদের সঠিক পথে পরিচালনার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা।
এ বিষয়ে মঙ্গলবার (৭সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার প্রতিবেদকে জানান ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বির্নিমাণের জন্যে মোল্লাহাটবাসীকে প্রস্তুত করার লক্ষ্যে বেশ কিছু উদ্ভাবনী উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন মহোদয় এঁর দিকনির্দেশনা মোতাবেক উদ্যোগগুলো বাস্তায়নের মধ্যদিয়ে বিনির্মাণ হবে আলোকিত ও মানবিক মোল্লাহাট।
তিনি আরও বলেন, উক্ত কর্মসুচিগুলো বাস্তবায়িত হলে, আলোকিত ও মানবিক মোল্লাহাট প্রতিষ্ঠা হবে, আর এর সাথে সাথে সামাজিক অস্থিরতা কমবে, জ্ঞানভিত্তিক সমাজ গঠন হবে, বই পড়া সংস্কৃতি সৃষ্টি হবে, নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে, ক্রীড়া ও সাংস্কৃতিতে বিশেষ অবস্থান সৃষ্টি হবে, মোবাইল গেমে আসক্তি কমবে, ৪র্থ শিল্প বিপ্লবের সুফল কাজে লাগানো যাবে।
