খেলাধূলা ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাই খেলতে পারেননি সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে। টেস্ট সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল ভারতীয় দল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন না হিটম্যান খ্যাত রোহিত। তার বদলে দলে নেয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। এ ছাড়া সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া শামি ও জাদেজার জায়গায় দলে ডাক পেয়েছেন নবদীপ সাইনি ও সৌরভ কুমারকে। এ ছাড়া দলে যুক্ত করা হয়েছে পেসার জয়দেব উনাদকাটকেও।
রোববার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
চট্টগ্রামে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলা হচ্ছে না অধিনায়ক রোহিত শর্মার। হাতের আঙুলের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ শেষ হবার আগেই দেশে ফিরে গিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। মূলত ক্যাচ ধরতে গিয়ে তার আঙুল নড়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে সেটি ঠিক করে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। তবে আরও ভালো চিকিৎসার জন্য বৃহস্পতিবারই রোহিতকে মুম্বাই পাঠানো হয়। তখনই জানা গিয়েছিল, ওয়ানডে সিরিজ থেকে তো ছিটকে গেছেনই, শঙ্কা রয়েছে তার টেস্ট সিরিজ খেলা নিয়েও।
দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার তালিকায় আছেন পেসার মোহাম্মদ শামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টেস্টের আগে ওয়ানডে সিরিজেও ইনজুরির কারণে খেলতে পারেননি জাদেজা। তাদের জায়গায় দলে ডাক পেলেন হরিয়ানার পেসার নবদীপ সাইনি ও উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সৌরভ কুমার।
এ ছাড়াও বোলিং শক্তি বাড়াতে দলে ডাকা হয়েছে বাঁহাতি পেসার জয়দেভ উনাদকাট। আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামে মাঠে গড়াবে প্রথম টেস্ট।
