আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ৮০ কোটি মার্কিন ডলার সহায়তায় একটি মানববিহীন আকাশযান অস্ত্র ব্যবস্থাও রয়েছে। নতুন এই ড্রোনটির নাম ফিনিক্স ঘোস্ট। খবর আলজাজিরার।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ড্রোনটি নির্মাণ করেছে মার্কিন কোম্পানি অ্যাভেক্স এয়ারোস্পেস। দোনবাস নামে পরিচিত ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াইয়ের উপযুক্ত করে ড্রোনটি নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেন, বিশেষ ধরনের অঞ্চলের উপযোগী করে নির্মাণ করা হয়েছে অস্ত্রটি। তবে এটি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া থেকে বিরত ছিলেন তিনি।
এই মার্কিন কর্মকর্তা বলেন, আমি বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলতে যাচ্ছি না। এটি সুইচব্লেডের স্বগোত্রীয়। ফিনিক্স ঘোস্ট মূলত একটি একমুখী ড্রোন। অর্থাৎ ইউক্রেনের পূর্বাঞ্চলের উপযোগী করেই ড্রোনটি নির্মাণ করা হয়ছে।
রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্কের বিয়ারাকতার টিবি২ ও মার্কিন নির্মিত সুইচব্লেড ড্রোন। তবে ফিনিক্স ঘোস্টের পাল্লা ও নিখুঁত হামলার সক্ষমতা সম্পর্কে খুব বেশি জানা সম্ভব হয়নি।
জন কিরবি বলেন, ড্রোনটি এখন পর্যন্ত ইউক্রেনকে সরবরাহ করা হয়নি। এটি ক্যামেরা দিয়ে সজ্জিত করা হয়েছে। ড্রোনটি যা দেখছে, তার নিখুঁত ছবিও ধারণ করতে পারবে। কিন্তু নির্দিষ্ট স্থানে আঘাত হানাকে কেন্দ্রবিন্দু করেই অস্ত্রটি সাজানো হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর থেকে ফিনিক্স ঘোস্ট নির্মাণ শুরু হয়েছে। পেন্টাগন মুখপাত্র বলেন, ইউক্রেনের প্রয়োজনের কথা মাথায় রেখেই নির্মাণ করা হবে ড্রোনটি। এছাড়া পূর্ব ইউক্রেনের কৌশলগত ধরনও বিবেচনা করা হচ্ছে।
সুইচব্লেডের মতোই ফিনিক্স ঘোস্ট ড্রোনের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে ড্রোনটি পরিচালনায় কতজন ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি।
