হোম জাতীয় ফরিদপুরে জুট মিলে হামলা, আটক ১৩

জাতীয় ডেস্ক :

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে অবস্থিত দাহমাসি জুট মিলে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জুটমিলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে মিলের বর্তমান কর্তৃপক্ষ অভিযোগ করেছেন। হামলার পর মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনার মূল হোতাসহ ১৩ জনকে আটক করেছে।

দাহমাসি জুট মিলের জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবদুর রাজ্জাক জানান, মিলের মালিকানা নিয়ে দুপক্ষের মাঝে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। একপক্ষের কয়েকশ লোক শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মিল গেটে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালাতে থাকে।

একপর্যায়ে হামলাকারীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করে নির্বিচারে ভাঙচুর চালায়। তারা মিলের আবাসিক ভবনসহ গোটা মিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর ও তছনছ করে। এ ঘটনার সময় হামলায় আহত হয় কমপক্ষে ৫ জন। তাদের মধ্যে ৩ জনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুটমিল কর্তৃপক্ষ জানান, ভাঙচুরসহ মিলে থাকা নগদ অর্থসহ দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে হামলার সাথে জড়িত ১৩ জনকে আটক করেছে।

মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, মিলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, দাহমাসি জুটমিলের দুই মালিক মনিরুজ্জামান মৃধা ও নোমান চৌধুরীর মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব হয়। বেশ কয়েকমাস আগে মনিরুজ্জামান মৃধা দায়িত্ব ছেড়ে দেয়। বর্তমানে মিলটি নোমান চৌধুরীর তত্বাবধানে চলছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন