ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলনকে সফল ও সার্থক করতে ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোতে হচ্ছে আওয়ামী লীগের কর্মিসভা। চলছে ব্যাপক প্রস্তুতি। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে সাজ সাজ রব। ইতিমধ্যে ৭২টি ওয়ার্ড ও ৮টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মিদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ শোভা পাচ্ছে। ফকিরহাটে আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসবেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা।
১৩ ডিসেম্বর (মঙ্গলবার) বনফুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক। এতে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে সম্মানীত অতিথি থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, সম্মেলন কে ঘিরে দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ, উল্লাসিত-উজ্জীবিত। সম্মেলন সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কমীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ সম্মেলন দলের সকল স্তরের নেতা-কর্মীদের মিলন মেলায় পরিণত হবে। সম্মেলনের জন্য বনফুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল সাজানো হচ্ছে।
