ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বারাশিয়া এলাকায় ফরিদা বেগম নামের ষাটোর্ধ্ব বয়স্ক এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার সকালে ওই নারীর ঘরে তালা দেয়া দেখে স্থানীয়রা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে খাটের উপর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, ঘরের ভেতর ওই নারীর মুখে গামছা বাধা অবস্থায় এবং শরীরের উপর তিনটি বালিশ চাপা দেয়া অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারনে ওই নারীকে হত্যা করা হয়েছে তাৎক্ষনিক সঠিকভাবে জানাতে পারেনি।
এলাকাবাসী বলছেন, ওই নারীকে শুক্রবার রাতে সর্বশেষ দেখা গেছে। এরপর তাকে আর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। তিনি বাড়ীতে একা বসবাস করতেন। নিহত ফরিদা বেগম মৃত সরদার রবিউল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে পুলিশ জানিয়েছেন।
মডেল থানার ওসি মু. আলিমুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়ন্ তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর হত্যার আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান।
