হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের কাটাখালী মোড়ে এলোমেলো পার্কিং-এ দুর্ঘটনার আশঙ্কা

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

খুলনা-মাওয়া ও বাগেরহাট-মোংলা মহাসড়কের জনবহুল ও ব্যস্ততম কাটাখালী তিন রাস্তার মোড়ে ফুটপাতসহ সড়কের দুই পাশ দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছে ট্রাক-ট্রার্মিনাল। ফলে ব্যস্ততম সড়কটি সঙ্কুচিত হয়ে তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি আশংকা রয়েছে সড়ক দুর্ঘটনা।

হাইওয়ে পুলিশ বক্সের পাশেই এভাবে রাস্তা দখল করে অবৈধ ট্রাক টার্মিনাল বানানোর কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলেও চালকদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না বলে স্থানীয়রা অভিযোগ করেন।

জনবহুল এ সড়কের দু’পাশ দখলের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। সরেজমিন ঘুরে দেখা যায়, কাটাখালী মোড়ের মোংলা সড়কের প্রবেশ মুখ হতে এসবিএসসি ব্যাংকের সামনে হয়ে মুন স্টার জুট মিল পর্যন্ত প্রায় দু’শো মিটার সড়কের দুই পার্শ্বে ফুটপাত ও সড়কের কিছু অংশ দখল করে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান দাড়িয়ে আছে।

অন্য দিকে, কাটাখালী নিউ মার্কেটের সামনে হতে যুগীখালী ব্রীজের দুই পার্শ্বে এবং কাটাখালী বাগেরহাট রোডের প্রবেশ মুখ হতে নব-নির্মিত ব্রীজ হয়ে আফফান হোটেল পর্যন্ত প্রায় আড়াই শত মিটার রাস্তার দুইপার্শ্বে সড়কের উপর ঝুঁকিপূর্ণভাবে ট্রাক, ট্রলি, কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, বিকালের পর হতে ভোর রাত পর্যন্ত কাটাখালী বাস স্ট্যান্ডের তিন পাশের রাস্তায় ভারী যানবাহনের পার্কিং এর কারণে আটকে থাকে। চালকরা রাস্তার উপর দীর্ঘ সময় গাড়ি রেখে হোটেলে খাওয়া দাওয়াসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ সারেন। ফলে সংকুচিত সড়কে পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচল করতে অসুবিধায় পড়তে হয়। পথচারী, ভ্যান চালক, অটো ও মাহিন্দ্রা চালক এবং স্থানীয়রা অতিদ্রæত এসব অবৈধ পার্কিং বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তাঁরা আরও বলেন, সড়কের উপর এমন ভাবে ট্রাক-কন্টিনার ও পিকাপ দাড় করিয়ে রাখা হয় যে, ভ্যান রিক্সা এমনকি মটরসাইকেল বা ভারী যানবাহনও চলাচল করতে পারেনা। এতে যেমন সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ছোট বড় সড়ক র্দুঘটনা বেড়েই চলেছে। অতিদ্রুত বাসস্ট্যান্ডের দাড়িয়ে থাকা ট্রাক-কন্টিনার ও পিকআপ গুলো সরিয়ে দেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশাংকা রয়েছে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ আলী হোসেন বলেন, সম্প্রতি মহাসড়কের দুইপার্শ্বে দুর-দুরান্ত হতে আসা ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রলি – কন্টেইনার চালকরা তাদের যানবাহন দাঁড় করিয়ে হোটেল-রেস্তোরায় খাওয়া-দাওয়া করেন। যে কারণে রাস্তার দুইপার্শ্বে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। অতিদ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে আইগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল বলেন, আমি নতুন বদলী হয়ে এসেছি। যানবাহনের এভাবে সড়ক আটকে দাড়িয়ে থাকার সুযোগ নেই। আমাদের লোক আছে সেখান। বিষয়টি জেনে আমি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন